বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটে, কিছুক্ষণের মধ্যে ঢাকার পথে

জাহাঙ্গীর আলম
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল বেলা ১০টার কিছু আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড সম্পন্ন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা ৫৫ মিনিটে বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারেক রহমান। সিলেটে অবতরণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন—
“অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

একই অনুভূতি প্রকাশ করে নিজের ফেসবুক আইডিতে অনুরূপ একটি পোস্ট দেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বাবার সঙ্গে দেশে ফেরার মুহূর্তটি তিনিও আবেগঘন বার্তায় তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকায় পৌঁছেই তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেখানে স্মরণকালের অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েতের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূর্বাচল এলাকায় জড়ো হতে শুরু করেছেন। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বিএনপির নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা দলীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং সামনের দিনের রাজনৈতিক কর্মসূচিতে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর