বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

৬ হাজার ৩১৪ দিন পর দেশের আকাশে তারেক রহমান

জাহাঙ্গীর আলম
  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের আকাশসীমায় প্রবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে উড়োজাহাজটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।

দেশের আকাশে প্রবেশের মুহূর্তটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুভূতির ভাষায় তুলে ধরেন তারেক রহমান।

সেখানে তিনি লেখেন—
“দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”
তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগের জোয়ার সৃষ্টি হয়।

এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান সরাসরি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় নির্মিত সুবিশাল সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে দলের পক্ষ থেকে তাকে দেওয়া হবে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা

ইতোমধ্যে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিশাল মঞ্চ নির্মাণসহ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলটির দাবি, এটি বিএনপির ইতিহাসে অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েত হতে যাচ্ছে।

প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী পূর্বাচল এলাকায় জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত হচ্ছে একটাই স্লোগান— “লিডার আসছে, লিডার আসছে।”

বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দলকে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী রাজনীতিতে আরও ঐক্যবদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর