বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মানবিকতা ও শিক্ষা বিস্তারে অদুদ চৌধুরীর অবদান আজও অনুকরণীয় : গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১

চট্টগ্রামের সমাজসেবা ও শিক্ষা বিস্তারের ইতিহাসে অবিস্মরণীয় নাম—চট্টলার মহান দানবীর, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং গহিরা–অদুদিয়া সড়কের একক রূপকার, নোয়াজিষপুরের কৃতী সন্তান আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে রাউজান উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ মাহফিল, স্মরণসভা ও ঐতিহ্যবাহী বাৎসরিক মেজবান।

শনিবার দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-৬ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গিয়াস কাদের চৌধুরী বলেন,
“আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরী ছিলেন মানবিকতা ও দানশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষা বিস্তারে তাঁর অবদান, অবকাঠামো উন্নয়ন এবং সমাজ গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুসরণীয় ও প্রেরণাদায়ক।”

তিনি আরও বলেন, দানবীর অদুদ চৌধুরীর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

স্মরণসভায় সভাপতিত্ব করেন ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাউজান উপজেলা আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা।

দিদারুল আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণসভা শেষে দানবীর অদুদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মেজবান আয়োজন করা হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানজুড়ে দানবীর অদুদ চৌধুরীর মানবিক কর্ম, শিক্ষা বিস্তারে অবদান এবং সমাজ উন্নয়নে তাঁর অনন্য ভূমিকার স্মৃতিচারণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর