
দীর্ঘ ১৮ বছর পর শহীদ প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছে প্রথমে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দলীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি বাবার কবরের সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। একপর্যায়ে একাকী মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। চশমা খুলে অশ্রুসিক্ত চোখ মুছতে দেখা যায় তাকে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। লাল–সবুজ রঙে সাজানো ‘সবার আগে বাংলাদেশ’ নামের বিশেষ নিরাপত্তাবেষ্টিত বুলেটপ্রুফ বাসে তিনি যাত্রা করেন। আগের দিন বৃহস্পতিবার বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলেও এই বাস ব্যবহার করা হয়েছিল।
কর্মী–সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও জনস্রোতের কারণে গুলশান থেকে শেরেবাংলা নগরের প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা। বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। বিকেল ৪টা ৩৬ মিনিটে তিনি বাস থেকে নেমে হেঁটে সমাধিস্থলের দিকে যান।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সর্বশেষ বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান। রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে এরপর আর দেশে এসে শ্রদ্ধা নিবেদনের সুযোগ হয়নি।
জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে বিকাল ৫টা ৪ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তবে পথে বিপুল জনসমাগম ও যানজটের কারণে সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব হয়নি। এ কারণে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খানকে আগেই স্মৃতিসৌধে পাঠানো হয়। তারা তারেক রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত আনুমানিক ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ।
তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার উপস্থিতির খবরে সন্ধ্যার আগেই স্মৃতিসৌধের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন।