বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

রাউজানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি (শনিবার) পশ্চিম গুজরা বিএনপির দলীয় কার্যালয়ে বাদে জোহর থেকে পবিত্র কোরআন খতম এবং বাদে আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ বলেন, “দেশের সবচেয়ে কঠিন সময়ে বেগম খালেদা জিয়া রাজনীতির হাল ধরেছিলেন। একজন গৃহবধূ থেকে আপসহীন আন্দোলনের দেশনেত্রী হয়ে ওঠা ছিল ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, গণতন্ত্রের প্রতীক ছিলেন। আমৃত্যু তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করে গেছেন।”

তিনি আরও বলেন, “শত নির্যাতন সত্ত্বেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। বাংলাদেশ ও এদেশের মানুষকে তিনি অন্তর দিয়ে ভালোবেসেছেন। ক্ষমতায় না থেকেও যে সম্মান তিনি অর্জন করেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর জানাজা ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা, যা প্রমাণ করে জনগণের হৃদয়ে তাঁর অবস্থান কতটা গভীর।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফরিদুল ইসলাম মাহমুদ, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আমির আলী, প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব সলিমুল্লাহ খান, ফোরকান ফারুকী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজম আলী, পশ্চিম গুজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মগদাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আনিছুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর