
বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতিতে অন্যতম প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকায় অবস্থিত লোহাগাড়া প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম সূচিত হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক। মোনাজাতে তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, তাঁর কবরকে নূরে আলোকিত করা এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষভাবে দোয়া করেন।
দোয়া মাহফিলে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের এক অবিস্মরণীয় নাম। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার সম্পাদক এহতাসামুল হক রাব্বি। এছাড়াও প্রেস ক্লাবের সদস্য সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, ফাহাদ ইবনে হাসেম, মোসাদ্দেক, ইউছুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং সাংবাদিক সমাজের ঐক্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যরা মরহুম নেত্রীর স্মৃতিচারণ করেন এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।