
মহেশখালীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গোরকঘাটা-শাপলাপুর সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ৪টি মামলায় মোট ২,৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মোটরসাইকেল চালকদের নিয়মিত হেলমেট ব্যবহারের জন্য সতর্ক করা হয় এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা চালানো থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন,“সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় যানবাহনের মালিক ও চালকদের জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”