বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

পেকুয়ায় গভীর রাতে বিপন্ন মা কচ্ছপ উদ্ধার, সাগরে অবমুক্ত করলো বনবিভাগ

কপিল উদ্দিন কক্সবাজার
  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৩

কক্সবাজারের পেকুয়া উপজেলায় গভীর রাতে বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ উদ্ধার করে বঙ্গোপসাগরে অবমুক্ত করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ।

রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুনের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করে পরে মগনামা-কুতুবদিয়া চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগরে অবমুক্ত করে।

রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন জানান, স্থানীয় এক পরিবেশবাদীর মাধ্যমে গভীর রাতে তিনি খবর পান যে, পেকুয়া সদর ইউনিয়নের জালিখালী এলাকায় এক জেলের জালে একটি বিশাল আকৃতির সামুদ্রিক মা কচ্ছপ আটকা পড়েছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলে শাহিনের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে—ডিম পাড়ার উদ্দেশ্যে মা কচ্ছপটি নদীপথে প্রবেশ করেছিল। এ সময় নদীতে বসানো জালে কচ্ছপটি আটকা পড়ে। পরে জেলে কচ্ছপটিকে বাড়িতে নিয়ে গেলে দীর্ঘক্ষণ কূলে অবস্থানের কারণে কচ্ছপটি দুর্বল হয়ে পড়ছিল।

বনবিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নিয়ে কচ্ছপটিকে নিরাপদে সাগরে অবমুক্ত করা হয়। অবমুক্ত করার পর কচ্ছপটি কিছুক্ষণ সাঁতার কেটে গভীর সাগরে ডুব দেয়।

বনবিভাগ সূত্র জানায়, সামুদ্রিক কচ্ছপ বাংলাদেশে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। এসব প্রাণী রক্ষায় বনবিভাগ নিয়মিত নজরদারি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় জেলেদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সামুদ্রিক প্রাণী জালে আটকা পড়লে তাৎক্ষণিক বনবিভাগকে জানানো হয়।

স্থানীয় পরিবেশকর্মীরা বনবিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের দ্রুত পদক্ষেপ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর