বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সাতকানিয়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যবসায়ী, সমাজসেবক ও সংবাদকর্মীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান রুবেল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তারিকুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সেনাবাহিনীর প্রতিনিধি, থানা পুলিশের কর্মকর্তারা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণমানুষের কণ্ঠস্বর। একটি সমাজের সমস্যা, সম্ভাবনা ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, ইফতার মাহফিলের মতো এমন আয়োজন শুধু ধর্মীয় তাৎপর্য বহন করে না, বরং এটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতকানিয়ার সম্ভাবনা ও উন্নয়নের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বানও জানান বক্তারা। একই সঙ্গে অপসাংবাদিকতা রোধে সাংবাদিক ইউনিয়নের ঐক্যবদ্ধ অবস্থানকে স্বাগত ও সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের স্থিতিশীলতা, মানুষের কল্যাণ এবং সাংবাদিক সমাজের মঙ্গল কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন এবং পরে এক প্রীতিভোজে অংশ নেন।

অনুষ্ঠানটি সাতকানিয়ার সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর