বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বড় নেতা, বড় হৃদয় — ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জাগের আহমদ মেম্বারকে

রাউজান প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৬

অশ্রুসিক্ত পরিবেশে হাজারো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার মাঝে শেষ বিদায় জানানো হলো রাউজানের প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক আলহাজ্ব জাগের আহমদ মেম্বারকে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করার পর, রবিবার (১৬ নভেম্বর) পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামের সফর আলী জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদের পাশে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

৮৫ বছর বয়সী এ প্রবীণ নেতা মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে, ৬ ছেলে, বহু নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। জাগের আহমদ মেম্বার চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের খলিল হাজীর বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার মৃত্যুতে রাউজান ও পার্শ্ববর্তী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাউজান-রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মী। এর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, জাসাসের সাবেক দপ্তর সম্পাদক সরোয়ার খান মনজু, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার মেম্বার, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন চৌধুরী, যুবদল ও ছাত্রদলসহ বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেকে।

মরহুমের সন্তান বিএনপি নেতা মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ সেকান্দর ও মোহাম্মদ এসকান্দার জানাজা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সফর আলী জামে মসজিদ মাঠ, রাস্তা এবং আশপাশের এলাকা ছিলো শোকাভিভূত মানুষের ঢল। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জাগের আহমদ মেম্বারকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন, যা তার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসারই প্রকাশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর