
চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২০২৭) এর অভিষেক ও মতবিনিময় সভা গত শনিবার দুপুরে নগরীর নেভাল এভিনিউ সড়কের চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সংগঠনের সাবেক প্রশাসক শরিফ উদ্দিন পরিবহন মালিক–শ্রমিকদের যৌথভাবে একটি কল্যাণ ফান্ড গঠনের সম্ভাবনা বিবেচনা করার আহ্বান জানিয়ে বলেন, “সংকটকালে এই ফান্ড পরিবহন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমস্যার সমাধান টেবিলে বসেই করতে হবে, বিভাজন কারো জন্যই ভালো নয়।”
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক ড. কফিল উদ্দিন আহম্মেদ বলেন, টি.ও লাইসেন্সধারী সকল সংগঠনকে নিয়ে চট্টগ্রাম জেলায় একটি আঞ্চলিক ফেডারেশন গঠন করা গেলে পণ্য পরিবহন মালিকরা উপকৃত হবেন। তিনি জানান, সড়ক পরিবহন আইন ২০১৮–এর জরিমানা সংশোধনসহ অন্যান্য ধারার পরিবর্তন বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিআরটিএর সঙ্গে আলোচনা চলছে, যা খুব দ্রুত সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—মোরশেদুল আলম কাদেরী, একরামুল করিম, লায়ন এম এ মুছা বাবুল, মো. আহসান উল্ল্যাহ চৌধুরী, মো. হোসেন, মোহাম্মদ আরিফুর রহমান, আলি আহমদ, ফারুক খান ও সৈয়দ হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার তাঁর বক্তব্যে বলেন, নির্দিষ্ট ট্রাক টার্মিনাল না থাকায় ট্রাকগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে হয়—যা পরিবহন সেক্টরের জন্য বড় সংকট। তিনি একটি সেন্ট্রাল টার্মিনাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সংগঠনের টি.ও লাইসেন্স-১১/২০১৭ ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এ বিষয়ে কঠোর সতর্কতা দিয়ে তিনি বলেন, “বিনা অনুমতিতে কেউ সংগঠনের টি.ও লাইসেন্স ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ তালুকদার এবং সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান। বক্তব্য রাখেন—নাজিম উদ্দিন, সাইদুল আলম, মো. ওসমান, রাজিব মোহাম্মদ মোস্তফা, আমিন উল্ল্যাহসহ অনেকে।