মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিএমইউজের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

বার্তা টুডে ডেস্ক
  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)-এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় সিএমইউজে মিলনায়তনে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে পবিত্র কোরআন শরীফ খতম করেন মোট ১০ জন আলেম। খতম শেষে মিলনায়তন জুড়ে আত্মিক পরিবেশ সৃষ্টি হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ–এর ডিভিশনাল এডিটর সালেহ নোমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা, সিএমইউজের কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিএমইউজে’র সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুলসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যমের বিকাশ, সাংবাদিক সমাজের কল্যাণ ও গণতন্ত্রের যাত্রায় বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছেন, তা চট্টগ্রামের সাংবাদিক সমাজ কখনো ভুলবে না। তারা আরও বলেন—বেগম জিয়ার সুস্থতা কামনা করে পুরো দেশের মানুষ আজ দোয়া করছে, সাংবাদিক সমাজও তার ব্যতিক্রম নয়।

শেষে বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য, দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। মুনাজাতে মিলনায়তনে উপস্থিত সবার কণ্ঠে ঢলে পড়ে একাত্মতার প্রার্থনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর