
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী আলহাজ্ব এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রৌশনহাট জামে মসজিদে আয়োজন করা এই মাহফিলে অংশ নেয় চন্দনাইশ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে দেশের স্থিতিশীলতা এবং নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। তিনি দেশের জন্য রাজনৈতিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ মাহবুব, এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরব, সাবেক পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মাহফিলে বক্তারা বলেন, দেশের জন্য সকল রাজনৈতিক দলের মধ্যেও সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন। পাশাপাশি তারা দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন। অংশগ্রহণকারীরা একযোগে জাতীয় ঐক্য, শান্তি ও দেশের কল্যাণ কামনা করেন।
উক্ত আয়োজন থেকে স্থানীয় নেতারা জানান, এই ধরনের উদ্যোগে নেত্রীবৃন্দের সুস্থতা কামনা করা এবং রাজনৈতিক ঐক্য জোরদার করা সম্ভব, যা বর্তমান সময়ে বিশেষ গুরুত্ব বহন করে।