শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মনোনয়ন বঞ্চিত মুজিবুরের সমর্থকদের সড়ক অবরোধে অচল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আবারও উত্তেজনা দেখা দিয়েছে মনোনয়ন বঞ্চিত মুজিবুর রহমানের সমর্থকদের বিক্ষোভে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়ার মিঠার দোকান এলাকায় কয়েকশ নেতা-কর্মী হঠাৎ সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

হঠাৎ বাধা সৃষ্টি হওয়ায় চট্টগ্রামমুখী ও কক্সবাজারমুখী উভয়পথে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে স্থবির হয়ে পড়ে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “দীর্ঘদিনের জনপ্রিয় ও যোগ্য নেতাকে অযাচিতভাবে বঞ্চিত করা হয়েছে। দলের প্রতি ত্যাগ ও নিবেদন থাকা সত্ত্বেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি—এ সিদ্ধান্ত অবিচার।” তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর আগে দুপুরে মুজিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছিলেন—“নির্বাচন করতেই হবে, কোন উপায় নাই। নেতা–কর্মীদের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” স্ট্যাটাসটি অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন থেমে থাকায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। পরে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর