বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দেশে ফিরেই ভোটার হচ্ছেন তারেক রহমান, নিবন্ধন ২৭ ডিসেম্বর

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০

দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। এরই মধ্যে জানা গেছে, দেশে ফিরেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রথম ধাপ হিসেবে ভোটার নিবন্ধন করবেন তারেক রহমান।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

এর আগে বিকেল ৩টার দিকে সালাউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন—বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। তবে এখনো তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। যেহেতু তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়, সে বিষয়েই কমিশনের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে।

দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা এবং ভোটার হিসেবে নিবন্ধনের উদ্যোগ বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর