
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় নাজমুল মোস্তফা আমিনের মনোনয়নপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যায়নি। সব নিয়ম ও শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা নাজমুল মোস্তফা আমিনকে প্রার্থী হিসেবে পেয়ে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন।
মনোনয়নপত্র বৈধ হওয়ার মাধ্যমে নাজমুল মোস্তফা আমিন এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী তিনি শিগগিরই প্রচার-প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাজমুল মোস্তফা আমিন বলেন, “আলহামদুলিল্লাহ, প্রাথমিক একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে পেরেছি। এখন জনগণের কাছে যাওয়ার সময়। আমি বিশ্বাস করি, এই আসনের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়ন, মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং জনগণের আস্থা অর্জনে সর্বাত্মক চেষ্টা চালাবেন।