
কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক বহনকারী দুটি ইঞ্জিনচালিত বোটসহ ১৭ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এবং আউটপোস্ট শাহপরীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় দুটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেয়। তবে বোট দুটি দ্রুতগতিতে গভীর সমুদ্রে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা প্রায় এক ঘণ্টা ধাওয়া করে বোট দুটি আটক করে। বোটগুলোতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটক করা হয় ১৭ জন মাদক পাচারকারীকে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানান, আটককৃত পাচারকারী ও জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, দেশের জলসীমায় মাদক পাচার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।