
চট্টগ্রামের চন্দনাইশে স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১) এর দ্বিতীয় দিনের খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে দিনভর প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবভিত্তিক মানাজিল আল মারজান ও মানাজিল আল-সাফা হোটেলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আইনুল হুদা চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও চন্দনাইশ ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একরামুল হক রিপন, রাকিব হুদা চৌধুরী, রিদোয়ানুর রহমান, এয়ার রহমান মানিক, শিমুল মনির, ফারুক ও রিজুয়ান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন রফিকুল ইসলাম বলেন, “বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা সময়ের দাবি। খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক, তেমনি শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদকসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।