
মায়ানমার থেকে সিমেন্টের বিনিময়ে মাদক পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্ট, দুইটি বোট এবং ২০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চট্টগ্রামের হালিশহর থানাধীন কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় ৭৫০ বস্তা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত দুইটি বোট এবং ২০ জন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত সিমেন্টের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।
জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।