
শৈশব থেকেই নাচের ছন্দে পা রাখা ফারহানা জাহান এবার নতুন উদ্যমে ফিরছেন ঢাকাই শোবিজে। ২০২৩ সালে নির্মাতা আতিফ আসলাম বাবলু পরিচালিত নাটক ‘সুইচ’ দিয়ে আনুষ্ঠানিক অভিনয় জীবনের শুরু হয় তার। প্রথম কাজেই সাবলীল অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি, যা তার ক্যারিয়ারের পথকে আরও মসৃণ করে তোলে।
অল্প সময়ের মধ্যেই ফারহানা জাহান নিজেকে প্রমাণ করেছেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৩০টিরও বেশি নাটক, ৪০টি মিউজিক ভিডিও, দুটি বিজ্ঞাপনচিত্রে এবং একটি চলচ্চিত্রে।

ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও নিজেকে আরও পরিপাটি করে গড়ে তোলার এবং অভিনয়ে নতুন কিছু শেখার জন্য প্রায় ছয় মাসের বিরতি নেন তিনি। বিরতি শেষে ফারহানা জাহান নতুন উদ্যমে কাজে ফিরছেন এবং বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং প্রজেক্ট।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমি নিজেকে মিডিয়ায় একটি ভালো ও শক্ত অবস্থানে দেখতে চাই। কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার মূল লক্ষ্য।”
ফারহানা জাহানের শোবিজে আগমন মূলত তার মায়ের স্বপ্ন পূরণের জন্য। মায়ের সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেকে সবসময় সর্বোচ্চ দিতে চান তিনি।
মেধা, পরিশ্রম ও দৃঢ় প্রত্যয়ের সমন্বয়ে ফারহানা জাহানের এই প্রত্যাবর্তন ঢাকাই শোবিজে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।