
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব–২০২৫’-এর নবম আসর। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সংস্কৃতিজন রাজীব মণি দাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশলী মো. মোশাররফ সোহেন এবং চলচ্চিত্র পরিচালক মো. ফাহাদ। রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন অভিনেতা আ.খ.ম হাসান, অভিনেতা ও পরিচালক শামীম জামান, অভিনেতা ও পরিচালক ফরিদ হোসাইন এবং সাংবাদিক মো. জাহিদুল ইসলাম। আয়োজক সূত্র জানায়, এবছর দেশ ও দেশের বাইরে থেকে মোট ৭১টি চলচ্চিত্র জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে প্রদর্শনের জন্য নির্বাচিত হয় ৭টি চলচ্চিত্র। এর মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এবারের উৎসবে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন ‘আনারকলি’ চলচ্চিত্রের ক্লিনটন রোজারিও। ‘এক রাত্রি’ চলচ্চিত্রের জন্য সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হন সুমাইয়া হামিদ। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার পান ‘গোল্ডেন বয়’ নির্মাতা মমিন সরকার। ‘স্বপ্নের লন্ডন’ চলচ্চিত্রের জন্য সেরা মিউজিক ডিরেক্টর নির্বাচিত হন অমিত চ্যাটার্জী এবং ‘কালপুরুষ’ চলচ্চিত্রের জন্য সেরা সম্পাদক হিসেবে পুরস্কার অর্জন করেন রাজন সরকার।
আয়োজকরা জানান, নতুন ও সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরাই বাভাসি চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।