
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও জানান, দেশব্যাপী নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন গড়ে দু-একটি অস্ত্র উদ্ধার হচ্ছে এবং কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তল জব্দ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন বানচালের আশঙ্কা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শক্তি নির্বাচন ভন্ডুল করতে বোমা হামলাসহ নাশকতার চেষ্টা চালাতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতা ও জনগণের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সীমান্ত নিরাপত্তার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও দক্ষতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
এছাড়া সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।