শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাহাঙ্গীর আলম
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে আকাশসীমা ও ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (এফআইআর) বন্ধ ঘোষণা করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ সময় প্রাক-মধ্যাহ্নে মধ্যপ্রাচ্যের অধিকাংশ এয়ারফিল্ড বন্ধ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাতিল হওয়া বহির্গামী ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর BG-147 (ঢাকা-চট্টগ্রাম-দুবাই), যার সম্ভাব্য উড্ডয়ন সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট এবং BG-151 (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ), যার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস এর BS-333 (ঢাকা-চট্টগ্রাম-দোহা) ফ্লাইটটি, যার সম্ভাব্য ছাড়ার সময় ছিল বিকাল ৫টা ২৫ মিনিট, বাতিল করা হয়েছে।

অন্যদিকে আগমনী ফ্লাইটের মধ্যে এয়ার আরাবিয়া এর G9-520 (শারজাহ-চট্টগ্রাম), ইউএস-বাংলা এয়ারলাইনসের BS-344 (দুবাই-চট্টগ্রাম) এবং সালাম এয়ার এর OV-403 (মাস্কাট-চট্টগ্রাম) ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-122 (মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা) ফ্লাইটটি ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকাল ৫টায় চট্টগ্রামের উদ্দেশ্যে সফলভাবে ছেড়ে এসেছে বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো সচল রাখতে স্ব স্ব এয়ারলাইনস কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর