চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সমর্থিত মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনের উদ্যোগে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, পৌরসভা আমীর কাজী কুতুবউদ্দিন, জামায়াত সমর্থিত মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি হারুনুর রশীদ, মোজাম্মেল হক বাবুল, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ইমরানুল হক, অর্থ সম্পাদক নুরুল আবছার রিয়াদ, কায়সার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় হেলাল উদ্দিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যার কারণে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। কোনো পরিবার যেন খাদ্য সংকটে না পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে কর্মহীন হয়ে পড়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছে। এমন সময়ে এই খাদ্যসামগ্রী তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।
স্থানীয়রা জানান, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকলে অনেক পরিবার উপকৃত হবে।