জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অঙ্গ প্রতিষ্ঠান ‘সি ফাউন্ডেশন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। টেকসই পরিবেশ গঠন, সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ফাউন্ডেশনটি।
গত ৩০ জুলাই ঢাকার ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সি ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ও নৃত্যশিল্পী রুমি করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম সাহরিয়ার কবির।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসেন, সি ফাউন্ডেশনের পরিচালক শাহিনুর ইসলাম সাবাসহ বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জিডো অ্যাসোসিয়েটসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জিডো অ্যাসোসিয়েটসের সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত এবং বিস্তৃত পরিসরে পরিচালনার লক্ষ্যেই ‘সি ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ। প্রতিষ্ঠানটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ ও সুবিধাবঞ্চিত মানুষের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তালেব এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান।
বক্তারা বলেন, জিডো অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়িত্ববোধ ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। ‘সি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এসব উদ্যোগ আরও পরিকল্পিত, সুসংগঠিত ও বৃহৎ পরিসরে পরিচালনা করা হবে।
তারা বলেন, টেকসই উন্নয়ন ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফাউন্ডেশনটি কার্যকর ভূমিকা রাখবে। এই উদ্যোগ সমাজে ইতিবাচক ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সি ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৬ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হবে।
নারী উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
আনন্দঘন পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটা এবং অতিথিদের মধ্যে উদ্বোধনী স্মারক প্রদান করা হয়। পরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
জিডো অ্যাসোসিয়েটসের একটি অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ‘সি ফাউন্ডেশন’ সমাজে ইতিবাচক পরিবর্তন, মানবিক উন্নয়ন এবং একটি টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।