চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী মাহিম চৌধুরী (মাহিন) মারা গেছেন। দুর্ঘটনার পাঁচ দিন পর সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহবুবুল আলমের একমাত্র ছেলে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুল এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হন। তারা এইচএসসি পরীক্ষা দিয়ে বাসায় ফিরছিলেন।
দুর্ঘটনায় মাহিন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মাহিনের চিকিৎসায় পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পাশাপাশি নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন সালাউদ্দিন আলীসহ স্থানীয় অনেকেই তার চিকিৎসায় সহযোগিতার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
মাহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজের প্রভাষক মো. আবু তালেব বলেন, “প্রিয় ছাত্র মাহিন আর কখনও কলেজ ক্যাম্পাসে ফিরবে না—এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা শোকাহত।”
তিনি আরও বলেন, “এমন মর্মান্তিক মৃত্যু আমরা আর চাই না। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। সড়ক নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ও সচেতন ভূমিকা নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
মাহিম চৌধুরীর অকাল মৃত্যুতে নাঙ্গলমোড়া ইউনিয়নসহ হাটহাজারীর বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করছে।