পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে বৃক্ষরোপণ, ফলজ গাছের চারা, নারিকেল গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নাঙ্গলমোড়া ইউনিয়নের ইব্রাহিম মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচি হাটহাজারী আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দীন আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারা যথাযথ পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, বায়ুদূষণের কারণে দেশে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ, ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের বিভিন্ন জটিল রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দাসহ যেখানে সুযোগ রয়েছে সেখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ এবং শাকসবজি চাষের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সালাউদ্দীন আলী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত “৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের ধারাবাহিকতায় নাঙ্গলমোড়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এটি শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং সমাজজুড়ে বৃক্ষরোপণকে একটি গণআন্দোলনে পরিণত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ।
তিনি পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বনায়নের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করলেই একটি পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি এবং সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা, নারিকেল গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা রুপালী বৈষ্ণব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রবিউল আলম বুলবুল, বখতেয়ার ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম, মাস্টার আজম, ইমরান, জাফর সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ জামাল, বশির আল হেলালসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সুবিধাভোগী।