
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে র্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র্যালিটি শুরু হয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কয়েক কিলোমিটার পথ হেঁটে হাসমতের দোকান এলাকায় গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালির আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আয়োজনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়; এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।