
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী যাত্রীদের সেবা আরও মানবিক ও সহজ করতে চালু করা হয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং স্বল্পমূল্যের ব্যাগেজ র্যাপিং সুবিধা।
সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরের টার্মিনাল ভবনের সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও সরকারের যুগ্ম সচিব এটিএম মাহাবুব উল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, বিদেশ ফেরত কোনো অসুস্থ প্রবাসী কিংবা মৃত প্রবাসীর মরদেহ পরিবহনে এখন থেকে বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হবে। একইসঙ্গে ওয়েজ আর্নারস কার্ডধারী প্রবাসীদের জন্য মাত্র ১০০ টাকায় ব্যাগেজ র্যাপিং সুবিধা চালু করা হয়েছে, যা যাত্রীদের মালামাল নিরাপদ রাখতে সহায়ক হবে।
বক্তারা জানান, এই বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী মোট যাত্রীর প্রায় ৭৩ শতাংশই প্রবাসী শ্রমিক। তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ইতোমধ্যে বেশ কিছু আধুনিক সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরবিচ্ছিন্ন ফ্রি ওয়াই-ফাই (মোবাইল সিমভিত্তিক সংযোগসহ), মোবাইল চার্জিং স্টেশন সম্প্রসারণ, ফ্রি টেলিফোন বুথ, নামাজের জন্য আলাদা কক্ষ এবং শিশুদের জন্য ব্রেস্টফিডিং কর্নার। পাশাপাশি ৭৫০টি আধুনিক লাউঞ্জ চেয়ারসহ নতুন যাত্রী লাউঞ্জ চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক মানের স্মোকিং জোন স্থাপন করা হয়েছে।
নির্মাণাধীন নতুন বোর্ডিং ব্রিজ দ্রুত চালুর পরিকল্পনাও রয়েছে।
এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এপ্রোন এলাকায় র্যাম্প কার সেবা এবং সার্বক্ষণিক হেল্প ডেস্ক চালু রয়েছে। যাত্রী হয়রানি রোধ এবং খাবারের মান নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে ব্র্যাক, প্রত্যাশী ও শামসুল হক ফাউন্ডেশনের মতো বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে দুস্থ প্রবাসীদের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের জন্য সেবা নিশ্চিত করা কোনো দয়া নয়, বরং এটি তাদের প্রাপ্য অধিকার।” তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রবাসীদের জন্য আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এটিএম মাহাবুব উল করিম বলেন, প্রবাসীদের জন্য আধুনিক ও মানবিক সেবা নিশ্চিত করতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিমানবন্দর কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরিচালক (প্রবাসী কল্যাণ ডেস্ক) মোহাম্মদ আতিকুল আলম।