শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে মোবাইল কোর্টের প্রতিবাদে ক্লিনিক মালিকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৩৯

চট্টগ্রামের একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে সরকারি সংস্থার আকস্মিক মোবাইল কোর্ট পরিচালনার ঘটনায় রোগী ও সেবাপ্রার্থীদের সামনে হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এক প্রতিবাদ সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আব্দুল মোত্তালিব।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ডা. সুভাস চন্দ্র সূত্রধর, অফিস সম্পাদক মো. শহীদুল্লাহ আনসারী প্রমুখ।

স্বাস্থ্যসেবা নিয়ে নাটকীয়তা নয়, প্রয়োজন সম্মিলিত সমন্বয়

বক্তারা বলেন, “চলমান সময়ের চ্যালেঞ্জ—কোভিড, ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো মহামারীর মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে। ঠিক এই সময় অনাকাঙ্ক্ষিত ও পরিকল্পনাবিহীন মোবাইল কোর্ট পরিচালনা, তা-ও রোগী ও স্বজনদের সামনে, সম্পূর্ণ অমানবিক এবং অগ্রহণযোগ্য।”

তারা আরো বলেন, “বিগত সময়েও এমন অভিযানকে কেন্দ্র করে চিকিৎসা সেবায় অচলাবস্থা দেখা দিয়েছিল। পরবর্তীতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও মালিক সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটির মাধ্যমে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক অভিযানে সেই চুক্তি লঙ্ঘন করা হয়েছে।”

চাহিদা ও দাবি: যৌথ ব্যবস্থাপনায় অভিযান

অ্যাসোসিয়েশন মনে করে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সিভিল সার্জনের প্রতিনিধি, ক্লিনিক মালিক সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে হাসপাতাল ও ক্লিনিকে যৌথ অভিযানের বিকল্প নেই। তারা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুস্পষ্ট দিকনির্দেশনা ও হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর