শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

অতি বৃষ্টিতে শিশুমৃত্যু: মরিয়মের পরিবারের পাশে নগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩১

চট্টগ্রাম নগরীর হালিশহর আনন্দপুর এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট নালার পানিতে পড়ে হুমায়ারা মরিয়ম (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুতে নগরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত ৯ জুলাই দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা, উন্মুক্ত ও অরক্ষিত ড্রেনেজ ব্যবস্থার ভয়াবহ চিত্রই যেন ফুটে উঠেছে এই ঘটনা দিয়ে।

এই মর্মান্তিক ঘটনার পর চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান মরিয়মের বাড়িতে ছুটে যান ও পরিবারকে সমবেদনা জানান। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,

“একটি শিশুর এমন মৃত্যু কোনোভাবেই ‘দুর্ঘটনা’ হিসেবে এড়িয়ে যাওয়া যায় না। এটি একটি সুস্পষ্ট অব্যবস্থাপনার নির্মম ফলাফল। যারা নগর উন্নয়ন, পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, তাদের আজ জবাবদিহি করতে হবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম নগরবাসী এখন প্রশ্ন করছে—আমরা কি আধুনিক নগরের স্বপ্নে বাঁচছি, নাকি মৃত্যুর ফাঁদে বসবাস করছি? উন্নয়নের নামে উদ্বোধনের ফুলঝুরি হলেও মানুষের নিরাপত্তা আজও অনিশ্চিত। মরিয়মের মৃত্যু আমাদের ব্যর্থ নগর ব্যবস্থার অমানবিক উদাসীনতার প্রতিচ্ছবি।”

নাজিমুর রহমান এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি আহ্বান জানান,

“অবিলম্বে নগর পরিকল্পনায় মানবিক দৃষ্টিভঙ্গি আনতে হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ নালা-নর্দমা ও জনচলাচলের স্থান জরুরি ভিত্তিতে পর্যালোচনা ও সংস্কারে ‘বিশেষ অডিট কমিটি’ গঠন করতে হবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন থানা বিএনপির নেতা শহীদ মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি এম এ গফুর বাবুল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফসারুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না, সদস্য সচিব আব্দুল্লাহ ফিরোজ টিপু, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ জহির, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আলী, বশির, দিদারসহ আরও অনেকে।

নগর বিএনপি এক বিবৃতিতে মরিয়মের মৃত্যুকে “মানবিক ও প্রশাসনিক ব্যর্থতা” বলে উল্লেখ করে চট্টগ্রাম শহরকে নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর