শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে দুঃসাহস দেখাবেন না: চট্টগ্রাম যুবদলের বিক্ষোভে মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৩১

 

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না। তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়। তাঁর বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না।”

তিনি বলেন, “সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এই অবস্থার প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদল আজ বিক্ষোভ সমাবেশ করেছে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে মীর হেলাল এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

মীর হেলাল আরও বলেন, “সংস্কারের নামে জাতীয় নির্বাচন পেছানোর নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে। অথচ বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতেই সব গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা স্পষ্টভাবে রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে জনগণ তা প্রতিহত করবে।”

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “দুটি ইসলামী রাজনৈতিক দল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এর মধ্যে একটি দলের ইতিহাস রক্তাক্ত—পাকিস্তানি দোসর থেকে শুরু করে স্বৈরাচার এরশাদ এবং বর্তমান শাসকগোষ্ঠীর সহযোগী হিসেবে তারা কাজ করেছে।”

সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, “দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট ও স্বৈরশাসনের বিরুদ্ধে লাখো মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ আবারও হুমকির মুখে।”

সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, “জাতীয় স্বার্থে প্রফেসর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ দেশি-বিদেশি কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “পুরান ঢাকার বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, যা জনগণ মেনে নেবে না।”

সনাবেশে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর