
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য সবার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, ১৯ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে—
সকাল ৯টায় নগর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
সকাল ১০টায় ষোলশহর ২নং গেইটে অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ
সকাল ১১টায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ
দুপুর ১২টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন
বিকেল ৩টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি
র্যালিটি কাজির দেউড়ি ও নুর আহমদ সড়ক প্রদক্ষিণ করে নগর বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হবে।
সভায় নেতৃবৃন্দ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তুলতে কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।