শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

এস এন কায়সার জুয়েল
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৮

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নৌকাসহ ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে টেকনাফের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন—
আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), রাসেল (২৩), সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌকাসহ ১২ জেলে আটক হওয়ার খবর আমরা পেয়েছি। তাদের দ্রুত ফেরত আনতে সংশ্লিষ্ট সবাই কাজ করছে।”

অপহৃত নৌকার মালিক সোলতান আহমেদ জানান, শনিবার দুপুরে তার নৌকায় ১২ জেলে সাগরে মাছ ধরতে যান। ফেরার পথে বৈরী আবহাওয়ার কারণে ঘাটে ফিরতে গেলে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।
তিনি বলেন, “জেলেরা এখন অনিরাপদে রয়েছে। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। এর স্থায়ী সমাধান জরুরি।”

স্থানীয় জেলেরা জানান, এর আগে গত ৫ আগস্ট ও ১৩ আগস্ট একইভাবে শাহপরীর দ্বীপের আরও ৭ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় আরাকান আর্মি। এখনো তাদের মুক্তি দেওয়া হয়নি। ফলে উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় কোস্টগার্ড বা বিজিবির কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর