শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

‘১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ভেঙেছে জনগণের ঐক্য’—মাহমুদুর রহমান

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯

বাংলাদেশে প্রায় ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসন চলেছে, যেখানে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, অধিকার হরণ করা হয়েছে এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব পর্যন্ত ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, এই ফ্যাসিবাদের পেছনে প্রধান শক্তি ছিল প্রতিবেশী দেশ ভারত।

আজ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি হলে “জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা ও হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্যসচিব ও আমার দেশ–এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

অভ্যন্তরীণ ও বহিরাগত দুই শত্রুর বিরুদ্ধে লড়াই

মাহমুদুর রহমান বলেন, “জুলাই বিপ্লবে সবাই একসঙ্গে লড়াই করেছে—একদিকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অভ্যন্তরীণ ফ্যাসিবাদী সরকার, অন্যদিকে ভারতের আধিপত্যবাদী শক্তি। এই লড়াইয়ে গণতন্ত্রপ্রিয় জনগণ জয়ী হয়েছে।”
তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবে রিফাইন্ড আওয়ামী লীগ বা জাতীয় পার্টির নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।

সাংস্কৃতিক ফ্যাসিবাদ ও গণমাধ্যম

গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকেই সামাজিক সাম্রাজ্যবাদী শক্তির অনুপ্রবেশ ঘটেছে। শেখ হাসিনার আমলে তা চূড়ান্ত রূপ নেয়। এখনও মিডিয়াকে সেই দখল থেকে মুক্ত করা সম্ভব হয়নি—এটি আমাদের সবার ব্যর্থতা।”

জুলাই সনদ নিয়ে ঐকমত্যের আহ্বান

জুলাই সনদকে জনগণের দাবি হিসেবে আখ্যা দিয়ে মাহমুদুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব রয়েছে তা দ্রুত দূর করতে হবে। ঐক্যবদ্ধভাবে সনদ গ্রহণ করা গেলে এর আলোকে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং এর মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে।

বিএনপি–জামায়াত–এনসিপিকে প্রধান শক্তি উল্লেখ

তিনি বলেন, জুলাই-উত্তর বাংলাদেশে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই তিন দলসহ অন্যান্য রাজনৈতিক শক্তি একযোগে শেখ হাসিনা ও ভারতীয় সাম্রাজ্যবাদকে পরাজিত করেছে। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখা জরুরি।

বিশেষ অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “১/১১ সময়ে ভয়ে মানুষ এতটাই সংকুচিত হয়ে পড়েছিল যে তখন গণতন্ত্রের স্বার্থে নেতাদের মুক্তির দাবিতে কালো মাস্ক পরে মানববন্ধন করেছিলাম। সেই কঠিন সময়ে যদি মাহমুদুর রহমান গর্জে না উঠতেন, বেগম খালেদা জিয়াসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি কঠিন হয়ে যেত।”

প্রেস ক্লাবের সদস্য মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমার দেশ–এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব খুরশীদ জামিল চৌধুরী, কালের কণ্ঠ–এর ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এ্যাবের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, বাংলাদেশ টাইমস–এর বিভাগীয় সম্পাদক সালেহ নোমান, সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, মাহবুবুল মওলা রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর