
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিনিধি দল আজাদী কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম এম এ মালেকের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাসসের সিনিয়র প্রতিবেদক মিয়া মো. আরিফ, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, বিজনেস বাংলাদেশের ব্যুরো প্রধান মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক আজাদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তারা দৈনিক আজাদীর দীর্ঘ সাংবাদিকতা যাত্রা, মুক্তিযুদ্ধের সময় গণমানুষের কণ্ঠস্বর হিসেবে এর ভূমিকা এবং স্বাধীন বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, আজাদী শুধু চট্টগ্রামের নয়, পুরো দেশের সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক প্রেস ক্লাবের এ শুভেচ্ছা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আজাদী তার প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও নিরপেক্ষতার পথে অটল থেকে সংবাদ পরিবেশন করে আসছে। গণমানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদী চট্টগ্রামে প্রকাশিত হয়। স্বাধীনতার পর থেকে এ পত্রিকাটি চট্টগ্রামের জনজীবন, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের ধারাবাহিক চিত্র তুলে ধরে আসছে।