
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. শুবক্তগীন আজ শনিবার ২৭ সেপ্টেম্বর কক্সবাজার, রামু, হারবাং ও দোহাজারী রেলস্টেশন পরিদর্শন করেছেন। একই দিনে দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত মোটরট্রলির মাধ্যমে রেলওয়ের ট্র্যাক, কালভার্ট ও ব্রিজসমূহের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে মহাব্যবস্থাপক স্টেশনগুলোর কার্যক্রম, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন যেন রেলপথে যাত্রীদের সুরক্ষা ও চলাচলের সুবিধা আরও বাড়ানো যায়। বিশেষ করে রেললাইন, ব্রিজ ও কালভার্টের মান বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এ সময় শুবক্তগীন বলেন, “চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ এখন জাতীয় উন্নয়ন পরিকল্পনার একটি অগ্রাধিকার প্রকল্প। যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিত করতে আমরা অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছি। রেলওয়ের প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে এ রুট দেশের পর্যটন ও বাণিজ্যে বড় পরিবর্তন আনবে।”
পরিদর্শনকালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তারা পরিদর্শনের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ পরিকল্পনা মহাব্যবস্থাপকের কাছে উপস্থাপন করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত তদারকি ও আধুনিকায়নের মাধ্যমে চট্টগ্রাম–কক্সবাজার রেল যোগাযোগ আরও নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব হয়ে উঠবে।