শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

অস্ত্র-গুলি নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি, ডিবির হাতে ধরা জাকির হোসেন রাজু

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৪

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০২ এর বিশেষ অভিযানে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর-দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক নির্দেশনায় এসআই (নিঃ) ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে ডিবি টিম শনিবার (১২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানাধীন বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেটের দক্ষিণ পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (নম্বর: চট্ট-মেট্রো-থ-১২-৬০০১) চেকপোস্টের সামনে আসলে থামানোর সংকেত দেয় ডিবি টিম। সিএনজিটি থামানোর পর তল্লাশি শুরু করলে পেছনের আসনে থাকা এক যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাকির হোসেন রাজু (৩২)। তল্লাশিকালে তার কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন রাজু অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং জানায় যে, অস্ত্রটি সে ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে। সে অস্ত্রটি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত এবং সুযোগমতো নতুন করে অপকর্মের পরিকল্পনাও করছিল।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত রাজু দীর্ঘদিন ধরে বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহরসহ আশপাশের এলাকায় অস্ত্রটি ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর