
চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিমের নেতৃত্বে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পরিচালিত গ্যাস ক্রস ফিলিং কারখানা থেকে ৪৬০টি গ্যাস সিলিন্ডার, একটি গ্যাস ক্রস ফিলিং মেশিন (হাওয়া মেশিন), একটি মিনি ট্রাক এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিম বলেন,
“জননিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অবৈধ গ্যাস ফিলিং কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”