শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের আহ্বান চট্টগ্রাম প্রেসক্লাবের

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম প্রেসক্লাব। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন।

চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মুস্তফা নঈম, কার্যকরী সদস্য সালেহ নোমান, গ্রন্থাগার সম্পাদক শহিদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল পাশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এবার শহীদ বুদ্ধিজীবী দিবস ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জাতি নতুন এক গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার নেতৃত্বে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যের আলোকে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, মনন ও সাহসী চিন্তার মাধ্যমে জাতির পথপ্রদর্শক ছিলেন। তাদের আত্মত্যাগের স্মরণে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর