শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

বিজয় দিবসে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরানোর অঙ্গীকারে বিএনপির সমাবেশ

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় পুরাতন রেলস্টেশন চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি-পূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, দীর্ঘ শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করে। বিজয়ের এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বীর শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবার ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিয়োগকারী সকল মানুষের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার পর ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।

তিনি আরও বলেন, বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে প্রকৃত গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিসহ সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একই সঙ্গে তিনি সকল জাতীয় নেতা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করতে দেশি-বিদেশি চক্রান্ত এখনও অব্যাহত রয়েছে। বহুদলীয় গণতন্ত্র ধ্বংসের নানা ষড়যন্ত্র, গুম-হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে রাষ্ট্রকে দমন-পীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনই দলমত নির্বিশেষে ইস্পাতদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার সময়। গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাবেক চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর