
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা তামাকুমন্ডি লেইন বণিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন (২০২৬–২০২৮) ঘিরে সরব হয়ে উঠেছেন সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আবু তালেব। নির্বাচনী প্রতীক দেয়াল ঘড়ি নিয়ে মাঠে নেমে তিনি সমিতিতে দীর্ঘদিন ধরে চলে আসা সিলেকশনভিত্তিক বিনাভোট সংস্কৃতি ভাঙার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
২৩ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আবু তালেব বলেন, সমিতির গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনা এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করাই তার নির্বাচনে আসার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, “আমার নির্বাচনে আসার একমাত্র কারণ—সিলেকশন করে বিনাভোটে নির্বাচন বন্ধ করা। তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রেখে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সমিতি গড়ে তুলতে চাই। যারা কোনো কাজ করে না, শুধু ক্ষমতার জন্য রাজনীতি করে—তাদের ভোট দিয়ে এ এলাকার উন্নয়ন সম্ভব নয়—এ কথা সম্মানিত সদস্য ও ভোটারদের মনে রাখতে হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি কোনো পদে না থেকেও সবসময় ব্যবসায়ীদের পাশে ছিলাম। সংকটের সময় ঝাঁপিয়ে পড়েছি, সমস্যা সমাধানে ভূমিকা রেখেছি। দায়িত্ব ছাড়াও কাজ করেছি—এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। ইনশাআল্লাহ, আপনারা দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আবদুল খালেক।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,“আজকে তালেব ভাই নির্বাচন না করলে প্রকৃত অর্থে নির্বাচনই হতো না। তালেব ভাই নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, আর প্রতিদ্বন্দ্বিতা মানেই গণতন্ত্র। তাকে ভোট দেওয়া মানে বিনাভোটের সিন্ডিকেট ভেঙে দেওয়া। বছরের পর বছর যেভাবে বিনাভোটে নির্বাচন হয়েছে—এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।”
তিনি আরও বলেন, সৎ, সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব ছাড়া তামাকুমন্ডি লেইনের ব্যবসায়িক স্বার্থ রক্ষা সম্ভব নয় এবং মোহাম্মদ আবু তালেব সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও অভিজ্ঞতা রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন সুবর্ণা প্রপার্টিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ, সাইফউদ্দিন খালেদ, সাবেক নির্বাহী সদস্য ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করতে পরীক্ষিত, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব এখন সময়ের দাবি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনাইদ। সভার শেষ পর্যায়ে উপস্থিত অন্যান্য প্রার্থীরাও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, মোহাম্মদ আবু তালেব অতীতে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সাবেক সহ-সাধারণ সম্পাদক (২০০১–২০০২),
সাবেক সাধারণ সম্পাদক (২০১১–২০১২) এবং
সাবেক সভাপতি (২০২১–২০২২) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততার কারণে এবারের নির্বাচনে তাকে ঘিরে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ী মহলে বাড়তি আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।