শিরোনাম
অর্থের বিনিময়ে পকেট কমিটি গঠনের অভিযোগে চট্টগ্রাম মহানগর এনসিপিতে গণ পদত্যাগ চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের চট্টগ্রামকে পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরে বিজ্ঞানভিত্তিক সমাধান জরুরি: মেয়র ডা. শাহাদাত হোসেন “নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা সপ্তাহ সমাপ্ত সাতকানিয়ায় পুকুরের ঘাট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি পৃথক দুই অভিযানে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার, উদ্ধার বন্দুক-কার্তুজ ও দেশীয় অস্ত্র পার্বত্য চট্টগ্রামে খাদ্য নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে WFP’র সহযোগিতা চাইলেন মন্ত্রী দীপেন দেওয়ান সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও একজনকে শ্লীলতাহানি, ৪ জন গ্রেফতার ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মে’র ট্রেনের অগ্রিম টিকিট
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

ঈদে নিত্যপণ্যে মূল্যছাড়ে ব্যতিক্রমী আহ্বান চট্টগ্রামের জেলা প্রশাসকের

খাতুনগঞ্জ-রিয়াজউদ্দিনের ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া, আসছে বিশেষ ছাড়ের ঘোষণা / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য ব্যবসায়ীদের প্রতি ব্যতিক্রমী ও মানবিক আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সংশ্লিষ্টদের মতে, দেশের ইতিহাসে এই প্রথম কোনো জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে উৎসবকেন্দ্রিক মূল্যছাড় চালুর আহ্বান জানালেন।

শুধু আহ্বানেই সীমাবদ্ধ না থেকে তার উদ্যোগে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরাও। জানা গেছে, আগামী সোমবার (১৮ মে) খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজারসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী নেতারা যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঈদ উপলক্ষে অন্তত তিন দিনের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্যছাড় দেওয়ার ঘোষণা দেবেন।

দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে শুরু হওয়া এ উদ্যোগকে অনেকেই “মানবিক বাজারব্যবস্থার নতুন অধ্যায়” হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (১৪ মে) খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উৎসব এলেই পণ্যের দাম কমে। ইউরোপ-আমেরিকাসহ উন্নত দেশগুলোতে “ফেস্টিভ সেল” বা বিশেষ মূল্যছাড় সাধারণ সংস্কৃতির অংশ হলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে উল্টো চিত্র দেখা যায়।

তিনি বলেন, “উৎসব আসলে জিনিসের দাম বাড়বে না, উৎসব আসলে জিনিসের দাম কমবে—এবং এই ক্ষেত্রে চট্টগ্রাম হবে পাইওনিয়ার।”

জেলা প্রশাসক বলেন, “চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রামকে ঘিরেই দেশের বাণিজ্যের প্রসার ঘটেছে। তাই আমরা চট্টগ্রাম থেকেই একটি নতুন মানবিক বার্তা দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা চট্টগ্রাম থেকেই এই স্লোগানটা শুরু করতে চাই যে, চট্টগ্রামেও উৎসবকে ঘিরে আমাদের সেই রেশনাল আচরণ হবে, যাতে সকল পর্যায়ের মানুষ উৎসব করতে পারে।”

উৎসবের প্রকৃত দর্শন তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “যখন উৎসবকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন সাধারণ মানুষ আনন্দ থেকে বঞ্চিত হয়। কিছু গোষ্ঠী যখন উৎসব উদযাপন করে আর কিছু গোষ্ঠী যখন করতে পারে না, তখন সেটাকে সামগ্রিক উৎসব বলা যায় না।”

তিনি পশ্চিমা বিশ্বের উদাহরণ দিয়ে বলেন, “ক্রিসমাস সেল” শুরু হলে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবাই স্বস্তিতে কেনাকাটা করতে পারে। বাংলাদেশেও সেই সংস্কৃতি চালুর সময় এসেছে।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নতুন সরকার একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন। ফলে সাধারণ মানুষকে বেশি দামে পণ্য কিনতে হয়।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের লোকসান করতে বলছি না। একজন ব্যবসায়ী যদি একটি পণ্যে এক টাকা লাভ করেন, তাহলে ঈদ উপলক্ষে সেই লাভের একটি অংশ কমিয়ে এক টাকা বা দুই টাকা ছাড় দিলে সাধারণ মানুষ উপকৃত হবে। এতে ব্যবসায়ীরও বড় ক্ষতি হবে না, বরং ক্রেতা বাড়বে।”

সভায় জেলা প্রশাসক বাজার ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, একটি পণ্য আমদানির পর ভোক্তার কাছে পৌঁছাতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। আমদানিকারক, পাইকার ও বিভিন্ন মধ্যস্বত্বভোগীর কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম বেড়ে যায়।

তিনি বলেন, “আমদানিকারকদের কাছ থেকে যদি সরাসরি খুচরা ব্যবসায়ীরা পণ্য পাওয়ার সুযোগ পান, তাহলে অতিরিক্ত মুনাফার সুযোগ কমবে এবং বাজারও স্থিতিশীল থাকবে।”

জেলা প্রশাসক আরও বলেন, উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়, সেটিও কমাতে হবে। অতিরিক্ত চাপ, বেপরোয়া যাতায়াত ও অর্থ উপার্জনের প্রতিযোগিতার কারণে সড়কে অনেক প্রাণহানি ঘটে। তাই সবার নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে। মাইকিং, ভিডিও বার্তা এবং ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, জেলা প্রশাসকের আহ্বানের বিষয়ে তারা ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন। অন্তত তিন দিনের জন্য হলেও কিছু পণ্যে মূল্যছাড় দেওয়ার বিষয়ে তারা আশাবাদী।

একজন ব্যবসায়ী প্রতিনিধি বলেন, “একজন যদি উদাহরণ তৈরি করেন, তাহলে অন্যরাও অনুসরণ করবেন। এক টাকার মুনাফা থেকে ৫০ পয়সা ছাড় দিলে ব্যবসায়ীর খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে।”

সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা বলেন, রোজা ও ঈদকে কেন্দ্র করে যেন কোনো সিন্ডিকেট সক্রিয় হতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের কাছে মানহীন পণ্য যেন না পৌঁছায়, সে বিষয়েও ব্যবসায়ী নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেন। তারা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম একটি নতুন মাইলফলক স্থাপন করতে পারে।

শেষে জেলা প্রশাসক বলেন, “আজ আমরা প্রত্যয় ব্যক্ত করছি—চট্টগ্রাম থেকেই একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এখানে উৎসব এলে পণ্যের দাম বাড়বে না, বরং কমবে। আর এই উদ্যোগে চট্টগ্রামই হবে পথপ্রদর্শক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ