চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে শত শত কিশোর-যুবককে মাদকের ভয়াল ছোবলে ঠেলে দেওয়ার অভিযোগে মাদক কারবারি মো. হেফাজ (২৯) কে আটক করেছে প্রশাসন। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) ভোর ৫টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খুদুকখালী (মান্নান পাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় মো. হেফাজকে গ্রেপ্তার করা হয়।
মো. হেফাজ মৃত আব্দুল মালেক বলীর পুত্র এবং ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার বাসিন্দা।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেফাজ এলাকায় মাদক কারবারের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।
স্থানীয়দের অভিযোগ, হেফাজের মাদক কারবারের কারণে ছনুয়া এলাকার বহু কিশোর ও যুবক মাদকের নেশায় জড়িয়ে পড়ে পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছিল। এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয়ের পেছনেও মাদকের বিস্তারকে দায়ী করছেন স্থানীয় সচেতন মহল।
প্রশাসনের একাধিক অভিযানের পরও এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হেফাজ নিজে মাদক সেবনের কথা স্বীকার করার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টিও স্বীকার করেন। এছাড়া ভিডিও স্বীকারোক্তিতে তিনি মাদক কারবারের সাথে জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।
বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। পরে আটককৃত হেফাজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।