চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন রাত প্রায় ২টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি মাদকদ্রব্য ও সিগারেট উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, অভিযান পরিচালনার সময় মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, দেশের উপকূলীয় এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সমাজে ভয়াবহ মাদকের বিস্তার রোধ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে।
এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মাহরুস রহমান (ই), বিএন, এসইও, বিসিজিএস সৈয়দ নজরুল।