শিরোনাম
অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’ বান্দরবানে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত খুলছে স্যাম ব্যাটারি রিজেনারেশন কোরআনের হাফেজ তৈরির অঙ্গীকারে গাউছিয়া ছালেকিয়া মাদ্রাসার ছবক অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রীর মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগের আহ্বান গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্ট্রাপ্রেনার’ আফরোজা হক বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলে এক লাখ কর্মসংস্থানের সম্ভাবনা, বললেন অর্থমন্ত্রী আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশনের স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত খন্দকার রুহুল আমিন সিআইপি
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

অবহেলিত নারীদের স্বপ্ন পূরণে কাজ করছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’

কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রাম / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

‘নারীর শক্তি, সমাজের অগ্রগতি। এভাবেই ছড়িয়ে পড়ুক আলোর বার্তা, আলোকিত হোক আমাদের সমাজ’— এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত নারীদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘আলোকিত নারী কল্যাণ সংগঠন’। আত্মবিশ্বাসহীন ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই সংগঠনটি অল্প সময়ের মধ্যেই স্থানীয় পর্যায়ে একটি মানবিক ও নারীবান্ধব সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।

সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে কয়েকজন সচেতন ও সমাজসেবামনস্ক নারীর উদ্যোগে একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরুতে মূল লক্ষ্য ছিল নির্যাতিত, অবহেলিত ও অসহায় নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য একটি নিরাপদ সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। সদস্যদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় ধীরে ধীরে সংগঠনের কার্যক্রম বিস্তৃত হতে থাকে। পরবর্তীতে দীর্ঘ তিন বছরের ধারাবাহিক কার্যক্রম, জনসম্পৃক্ততা ও সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে ২০২৩ সালে কর্ণফুলী উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় আলোকিত নারী কল্যাণ সংগঠন। বর্তমানে সংগঠনটির সঙ্গে প্রায় ৪০টি পরিবারের সদস্য প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন।

শুধু মানবিক সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেও বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সংগঠনটি। সদস্যদের জন্য নিয়মিত কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির পরামর্শ, আত্মকর্মসংস্থানের দিকনির্দেশনা এবং শিক্ষার প্রতি উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের দাবি, এসব প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে অনেক নারী নতুন দক্ষতা অর্জন করেছেন এবং পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। ফলে অনেক পরিবারের আর্থ-সামাজিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন এসেছে।

সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমেও সংগঠনটির সক্রিয় অংশগ্রহণ রয়েছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেছে সংগঠনের সদস্যরা। এছাড়া অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা, কিশোরী শিক্ষা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম সাদিয়া বলেন, “সমাজে এখনো অনেক নারীকে অবহেলার চোখে দেখা হয়। নির্যাতনের শিকার হয়ে আইনের আশ্রয় নিতে গেলেও অনেক নারীকে নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হতে হয়। আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ায় অনেক নারী নিজের জীবনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও স্বাধীনভাবে নিতে পারেন না।”

তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, পুরো সমাজের কল্যাণে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি নারী সম্মান, নিরাপত্তা ও সমান সুযোগ নিয়ে বাঁচতে পারবেন। আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়। আমাদের স্বপ্ন, আলোকিত নারী কল্যাণ সংগঠন একদিন অবহেলিত, অসহায় ও নির্যাতিত নারীদের আস্থা, সাহস ও নতুন স্বপ্নের ঠিকানা হয়ে উঠবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন নারীর ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে আলোকিত নারী কল্যাণ সংগঠন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ