চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণার আশঙ্কায় সম্ভাব্য প্রার্থীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযোগ অনুযায়ী, ০১৩৩৩-৭৪১৮৮৯ নম্বর থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীর মোবাইল ফোনে কল করা হচ্ছে। ফোনে নিজেদের উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী কিংবা এনএসআইয়ের কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের খরচ, প্রশাসনিক ব্যয়, অনুদানসহ নানা খাতের কথা উল্লেখ করে অর্থ দাবি করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের ফোনকল সম্পূর্ণ প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করার বৈধতা নেই। ফলে এ ধরনের কলের মাধ্যমে কেউ অর্থ দাবি করলে পরিচয় ও দাবির সত্যতা যাচাই না করে কোনো ধরনের টাকা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীদের লক্ষ্য করে প্রতারকচক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি, ব্যবহৃত মোবাইল নম্বর, কলের সময় এবং কী কারণে অর্থ দাবি করা হয়েছে—এসব তথ্য সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রয়োজনে এসব তথ্য উপজেলা প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে। কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
সচেতন মহলের মতে, সরকারি প্রতিষ্ঠানের নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করতে পারে। তাই অপরিচিত নম্বর থেকে আসা যেকোনো অর্থ দাবির ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া লেনদেন না করা এবং সন্দেহজনক কলের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জরুরি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশে বলা হয়েছে, সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব। তাই সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীসহ সাতকানিয়ার সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার এবং সন্দেহজনক ফোনকল সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।