আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া সনাতন ঋষি অনাথ আশ্রমের শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বৈদিক ৯২’। এ ছাড়া শারদোৎসব চলাকালে আশ্রমের শিশুদের আহারের ব্যবস্থাও করেছে সংগঠনটি।
১৯৯২ সালের এসএসসি ব্যাচের সনাতনী বন্ধুদের নিয়ে গঠিত বৈদিক ৯২-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য বিজয় শর্মা।
আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের অ্যাডমিন কুন্তল নন্দী, মডারেটর দেবব্রত নাথ রানা ও বিকাশ রায়, অনুশ্রী মজুমদার, সদস্য বিদ্যুৎ ধর ও শিপ্রা ভট্টাচার্য এবং সাবেক অ্যাডমিন লায়ন লিটন কান্তি দাশ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির চেতনা থেকে বৈদিক ৯২ প্রতিবছর এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা। এ সময় আশ্রমের শিশুদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বৈদিক ৯২-এর এ উদ্যোগের প্রশংসা করেন। ধর্মীয় বিভিন্ন উপমা তুলে ধরে তিনি বলেন, “মানবসেবাই পরম ধর্ম। বৈদিক ৯২ যেভাবে শিশুদের মুখে হাসি ফুটিয়েছে, তা সত্যিই অনুকরণীয়।” তিনি সংগঠনটির সদস্যদের প্রতি আশীর্বাদ ও শুভকামনা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
কর্মসূচির অংশ হিসেবে বৈদিক ৯২-এর সদস্যরা আশ্রমের শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গোৎসব চলাকালে শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়।
আয়োজকদের মতে, উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।