চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এ সময় কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদকবিরোধী কার্যক্রমে নজরদারি জোরদার এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, প্রকৌশলী সৈয়দ আসিফ মুহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াস, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, আকতার সানজিদা জাফর পপি, ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, যুবদল নেতা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।