চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। রবিবার (১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা এবং সাংবাদিকতার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। বিশেষ করে মফস্বল সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, সম্ভাবনা, অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রত্যন্ত অঞ্চলে নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজ করে যাচ্ছেন।
তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সময় নানা ধরনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বিশেষ করে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিস্থিতিতে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি বা বাধার সম্মুখীন না হয়ে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন তাঁরা।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাতকানিয়া ও লোহাগাড়া অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতের সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। পাশাপাশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং প্রশাসনিক কার্যক্রমের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনিক সহযোগিতা, তথ্যপ্রাপ্তি এবং গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের সহযোগিতা কামনার পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফোরামের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন, সদস্য সচিব মো. মোক্তার হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল মারুফ, এরশাদ আলম, আবুল কালাম আজাদ ও রনি দেব প্রমুখ।